দেশের সুবিধাবঞ্চিত ও দুর্যোগপীড়িত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার দেশের বৃহত্তম কুরবানী প্রকল্প সম্পন্ন করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বছর সারা দেশের ৩৭৮টি উপজেলার ১৩৭১টি ইউনিয়নের ৮৭৩টি নির্দিষ্ট স্পটে মোট ১,৬৬৫টি পশু কুরবানী করা হয়েছে। কুরবানীকৃত এসব পশুর গোশত পৌঁছে দেওয়া হয়েছে প্রায় ৫৩ হাজার অভাবী, দুস্থ ও পুষ্টিহীন মানুষের ঘরে।
.webp)
.webp)
.webp)
এবারের প্রকল্পে মোট ৩৫৮টি গরু এবং ১,৩০৭টি ছাগল কুরবানী করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও অন্যান্য কারণে পিছিয়ে পড়া এবং সাম্প্রতিক সময়ে দুর্যোগকবলিত বিভিন্ন অঞ্চলের মানুষের পুষ্টির চাহিদা মেটাতে এবার বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে এবং স্বাস্থ্যবিধি মেনে প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত অভাবী মানুষের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
বরাবরের মতোই এবারও কুরবানীদাতাদের আমানতের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। কুরবানীর আগেই প্রত্যেক দাতার কাছে তাদের পশুর নির্দিষ্ট নম্বর এবং সেটি কোথায় কুরবানী সম্পন্ন হবে, তা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। কুরবানী সম্পন্ন হওয়ার পর প্রত্যেক দাতাকে ব্যানারসহ তাদের পশুর জীবিত ছবি, স্তূপীকৃত গোশতের ছবি এবং স্থানীয় পর্যায়ে গোশত বিতরণের ছবি ইমেইলের মাধ্যমে পাঠানো হয়।
হাজারো স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় কুরবানীর এই উপহার সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে এবারের প্রকল্পটির সফল সমাপ্তি ঘটল।