৩য় ইমাম প্রশিক্ষণ সম্পন্ন

রাজশাহী বিভাগের বাছাইকৃত ইমাম-খতিবদের অংশগ্রহণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৩য় ইমাম প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে রাজশাহী বিভাগের বিভিন্ন মসজিদে কর্মরত ৯৭ জন ইমাম সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া, যাতায়াত ব্যয় এবং প্রশিক্ষণ-সংক্রান্ত সব খরচ আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হয়েছে।

‘ইমাম প্রশিক্ষণ কর্মশালা’ আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি নিয়মিত কার্যক্রম। এর মূল উদ্দেশ্য হলো দক্ষ, প্রশিক্ষিত ও যুগোপযোগী ইমাম গড়ে তোলার মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণ এবং দ্বীনি দাওয়াহকে আরও কার্যকর করা।

এ পর্যন্ত রংপুর ও রাজশাহীসহ মোট তিন বিভাগের ইমাম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগের নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে এই নিয়মিত কর্মশালা পরিচালিত হবে, ইনশাআল্লাহ।

ইমামগণ সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিত্ব। তারা যদি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে পরিকল্পিতভাবে সমাজ গঠনে ভূমিকা রাখেন, তাহলে দুর্নীতিমুক্ত, সৎ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা কেবল সময়ের অপেক্ষা।

এই লক্ষ্যকে সামনে রেখে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সম্পর্কে ইমামদের সচেতন ও দক্ষ করে তুলতে ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ছিল— লিডারশিপ ও পার্সোনাল ডেভেলপমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স, মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল, দাওয়াহে আধুনিক টুলসের ব্যবহার ও ফ্যাক্ট-চেকিং, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, L*G*B*T*Q ও জে*ন্ডার-সম্পর্কিত ফিতনা: ভয়াবহতা ও করণীয় এবং দৈনন্দিন শরীরচর্চার প্রয়োজনীয়তা।

প্রশিক্ষণ পরিচালনা করেছেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

চলুন একসাথে পরিবর্তন আনি